টাঙ্গাইলের ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র নিকরাইল থেকে সরিয়ে ভূঞাপুর সদরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ভূঞাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে কলেজের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজটি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় সব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এখানে যাতায়াত সহজ। কিন্তু নির্ধারিত নিকরাইল কেন্দ্রটি (শমসের ফকির মহিলা কলেজ) শহর থেকে বেশ দূরে হওয়ায় সেখানে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা না থাকায় অনেক সময় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়ে।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, নিকরাইল কেন্দ্রের সংযোগ সড়কগুলো অত্যন্ত সরু এবং খানাখন্দে ভরা। ফলে যাতায়াত যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বিরূপ আবহাওয়ায় এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, নিকরাইল কেন্দ্রে প্রায় দেড় হাজার পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই। এর ফলে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীরা অবিলম্বে নিকরাইলের শমসের ফকির ডিগ্রি কলেজ কেন্দ্রটি বাতিল করে ভূঞাপুর সদরের কোনো প্রতিষ্ঠানে কেন্দ্র নির্ধারণের জোর দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।
আপনার মতামত লিখুন :