ঝিনাইদহের মহেশপুরে একটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রকাশ্য দিবালোকে বাইসাইকেল চুরির চেষ্টাকালে হামজা আলী (৫০) নামে এক পেশাদার চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্কুল চলাকালীন গ্যারেজে রাখা একটি বাইসাইকেল কৌশলে নিয়ে পালানোর চেষ্টা করছিল হামজা। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃত হামজা আলী কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি সমাজকল্যাণ পাড়ার দুখে মন্ডলের ছেলে।
অনুসন্ধানে জানা গেছে, হামজা একজন চিহ্নিত পেশাদার বাইসাইকেল চোর। এর আগেও সে একাধিকবার চুরির অপরাধে ধরা পড়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে কোটচাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকেও বাইসাইকেল চুরি করতে গিয়ে সে স্থানীয়দের হাতে ধরা পড়েছিল।
দিনের বেলায় শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের চুরির ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, এই চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, আটক হামজা আলী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :