কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে স্থানীয় এক সন্ত্রাসী বাহিনী। গত রোববার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাঝের পাড়া এলাকার আল-আকসা মসজিদের সামনে এই নৃশংস ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে ‘জকির বাহিনী’ ও ‘শাকিল বাহিনী’র দৌরাত্ম্য চলছে। অভিযোগ উঠেছে, এই বাহিনীর সদস্যরা স্থানীয় ব্যবসায়ী হারুনুর রশিদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। ঘটনার রাতে হারুন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে হারুনুর রশিদসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ হারুনের পরিবার জানায়, জকির ও শাকিল বাহিনীর সদস্যরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়ে সাধারণ মানুষ তটস্থ থাকে। আহতদের চিকিৎসার পর তারা থানায় এজাহার দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমি উদ্দিন জানান, “গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত চলছে। ভুক্তভোগী পরিবার থেকে লিখিত এজাহার পাওয়া গেলে তা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হবে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
এই ঘটনার পর থেকে পুরো মাঝের পাড়া এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত এই সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান করা হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারে।
আপনার মতামত লিখুন :