বান্দরবান জেলায় প্রবেশের অন্যতম প্রধান সড়ক কেরানীহাট-বান্দরবান মহাসড়কের দুই পাশ দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাট থেকে বান্দরবান শহর পর্যন্ত প্রায় ২১-২২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের দুই পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে হাজার হাজার দোকানপাট, ঘরবাড়ি ও নার্সারি নির্মিত হয়েছে। এতে সড়কের প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে নষ্ট হয়েছে এবং জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীহাট থেকে শুরু করে দস্তিরহাট, বুড়ির দোকান, বাজালিয়া বাজার, হলুদিয়া, সুয়ালক বাজার, মাঝেরপাড়া, রেইসা, মেঘলা ও বান্দরবান পর্যন্ত পুরো সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকা থেকে বান্দরবানের সীমানা শুরু হয় এবং হলুদিয়া বাজারে চট্টগ্রাম ও বান্দরবানের সীমান্ত গেইট অবস্থিত। একসময় এই সড়কের দুই পাশে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়লেও বর্তমানে তা অনেকটাই হারিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি কিছু ক্ষেত্রে দখলকৃত জায়গা নোটারি পাবলিকের মাধ্যমে বিক্রির অভিযোগও রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পুরো সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দোকানপাট ও ঘরবাড়ি নির্মিত হয়েছে। স্থানীয়রা মন্তব্য করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদারকি নেই। সুয়ালক এলাকায় অবৈধভাবে দোকান নির্মাণ করা এক ব্যবসায়ী নুরুল আমিন জানান, তিনি অন্য এক দখলদারের কাছ থেকে ১১ লাখ টাকায় তিনটি দোকান কিনেছেন। জায়গাটি অবৈধ জেনেই তিনি ক্রয় করেছেন বলে স্বীকার করেন, তবে সরকার উচ্ছেদ করলে তিনি জায়গা ছেড়ে দেবেন বলেও জানান।
স্থানীয়দের দাবি, সড়কের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় দ্রুত অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা জরুরি। এ বিষয়ে বান্দরবান সড়ক উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, “আমাদের সার্ভেয়ার কেরানীহাট-বান্দরবান সড়কে মার্কিং কার্যক্রম পরিচালনা করছেন। কাজটি চূড়ান্ত হলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুরো সড়কজুড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমান বলেন, “বিষয়টি নিয়ে কাজ চলছে। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অভিযান পরিচালনা করা হবে।”
আপনার মতামত লিখুন :