সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ শামীম (৩৫) নামের এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে তার পরিবার।
মোহাম্মদ শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল মনসুরের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শামীম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন এবং রাজনৈতিক কারণে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে তার স্ত্রী সীতাকুণ্ড বাজারে স্বর্ণ বন্ধক রেখে টাকা এনে বাবার বাড়িতে যান। পরে সন্ধ্যার দিকে শামীমও সেখানে যান। রাত আটটার দিকে স্থানীয় জাফর ও ইরানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল তাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে যায়।
পরে তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর লাশ বেড়িবাঁধসংলগ্ন তালতলা এলাকায় ফেলে রাখা হয়। দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, বুধবার রাত একটার দিকে জাতীয় জরুরি সেবায় ফোন পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :