খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটে ‘ধ’ খেলা উদ্বোধন ও শিল্প প্রদর্শনী

অজয় সেন ত্রিপুরা , খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০১:৩৯ পিএম

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটে মারমা জনগোষ্ঠীর ‘ধ’ খেলা উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হয়েছে চাকমা, ত্রিপুরা ও মারমা সহ পাহাড়ে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী কোমর তাঁত শিল্পের প্রদর্শনী।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৫টা ৩০ মিনিটে শুভ উদ্বোধনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সদ্য ঝিনাইদহ জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মোঃ নোমান হোসেন।

অতিথিরা মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘ধ’ খেলায় অংশগ্রহণের পর পাজন রান্নার প্রতিযোগিতা, চাকমা, ত্রিপুরা ও মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী কোমর তাঁত শিল্পের প্রদর্শনী পরিদর্শন করেন। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য ইউসুফ আদনান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিজানুর রাহমান, খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা।

বক্তারা বলেন, সমতলের তুলনায় পাহাড়ের সংস্কৃতি ও ঐতিহ্যে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য, যা অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। তারা খাগড়াছড়ির সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির ভূয়সী প্রশংসা করেন।

Advertisement

Link copied!