লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে গভীর রাতে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা

রবিন হোসেন তাসকিন , লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ০৩:২০ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ হোসেন সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং এক সন্তানের জনক।

পরিবারের অভিযোগ, পাওনা টাকা পরিশোধের কথা বলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এক ব্যক্তি মোবাইলফোনে কল করে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, রাতে স্বামীর সঙ্গে শেষবার কথা হয়। পরে ভোরে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকার খবর পান তারা।

পরিবারের দাবি, টাকা লেনদেনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং দুর্বৃত্তরা তার ডান চোখ উপড়ে ফেলেছে বলেও অভিযোগ করেন স্বজনরা।

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Advertisement

Link copied!