ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক কিশোরকে (১৪) নির্জন স্থানে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগে সেলিম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সবুজের ছেলে মো. নিয়াদ গত ৪ এপ্রিল (শনিবার) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বাড়ির সামনের একটি দোকানে চা খেতে যায়। এ সময় একই এলাকার অভিযুক্ত সেলিম তাকে কথা বলার ছলে ডেকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে পক্ষিয়া ইউনিয়নের দেওয়ান বাড়ির দিঘীর পশ্চিম পাড়ে নিয়ে কিশোরটির ওপর জোরপূর্বক শারীরিক নির্যাতন (বলাৎকার) চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী কিশোরটি কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসে স্থানীয় দোকানে ফিরে যায় এবং উপস্থিত লোকজনকে বিষয়টি জানায়। পরে বাড়িতে গিয়ে বাবার কাছে বিস্তারিত খুলে বললে ঘটনাটি জানাজানি হয়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী কিশোরের বাবা মো. সবুজ বাদী হয়ে সেলিমকে আসামি করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন। সামাজিক পরিস্থিতি ও আত্মীয়-স্বজনদের সাথে আলোচনার কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন তিনি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, "অভিযোগটি পাওয়ামাত্রই আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি এবং ইতোমধ্যে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সুষ্ঠু তদন্ত শেষে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।"
এমন জঘন্য ঘটনার পুনরাবৃত্তি রোধে বোরহানউদ্দিনের সচেতন মহল অভিভাবকদের সন্তানদের প্রতি আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :