নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী আটক, ১৫ বোতল নিষিদ্ধ মাদক উদ্ধার

নাজমুল হক , নওগাঁ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০৬:৪৪ পিএম

নওগাঁর পত্নীতলা উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক দম্পতিকে আটক করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ১৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয়।

পত্নীতলা থানার একটি দল রোববার (১২ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের ঈদগাহপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ নূরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী মোসাঃ আলেয়া বেগম (৫০) কে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ১৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি মাদকদ্রব্য (এসকাফ)-এর প্রতিটি বোতলের মূল্য ১,৫০০ টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় ৪৫,০০০ টাকা। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে পত্নীতলা থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

Advertisement

Link copied!