ভিডিও কলে একাধিক বিয়ের অভিযোগ, মানববন্ধনে এলাকাবাসী

জাকির হোসেন , ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০৭:২৯ পিএম

মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে একাধিক বিয়ের অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বড়ভিটা ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে প্রবাসী বাবু। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার সকাল ১১টায় উপজেলার বড়লই জকরিয়া টারী গ্রামে অভিযুক্তের বাড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা হাতে বাবুর ছবি সংবলিত পোস্টার ও ফেস্টুন নিয়ে "প্রতারকের বিচার চাই" স্লোগান দিতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, প্রবাসে অবস্থান করে বাবু মোবাইল ফোনের ভিডিও কলের মাধ্যমে একাধিক নারীর সঙ্গে বিয়ের সম্পর্ক গড়ে তোলেন। পরে এসব সম্পর্ক নিয়ে তৈরি হয় বিভ্রান্তি ও প্রতারণার অভিযোগ। এতে একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মোবাইলের মাধ্যমে বিয়ের নামে প্রতারণা করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisement

Link copied!