নারায়ণগঞ্জে প্রথমবারের মতো বৈসাবি-বিজু উৎসব উদযাপন

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০৮:০৬ পিএম

নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী বৈসাবি-বিজু উৎসব উদযাপন করা হয়েছে। রোববার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি পালন করা হয়।

জানা যায়, পার্বত্য চট্টগ্রাম থেকে আসা চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে নারায়ণগঞ্জের কাঁচপুর ও আশপাশের এলাকায়। তাদের প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বৈসু, সাংগ্রাই ও বিজুকে একত্রে ‘বৈসাবি’ হিসেবে উদযাপন করা হয়।

উৎসব উপলক্ষে রোববার ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে কাঁচপুর এলাকায় বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে নদীতে ফুল ভাসিয়ে সকলের মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, জীবিকার প্রয়োজনে তারা নারায়ণগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। ফলে নিজ নিজ এলাকায় গিয়ে উৎসব উদযাপনের সুযোগ হয় না। বিশেষ করে পহেলা বৈশাখে মাত্র একদিন ছুটি পাওয়ায় ঐতিহ্যবাহী উৎসবগুলো পালন করা কঠিন হয়ে পড়ে। তাই এবার প্রথমবারের মতো নারায়ণগঞ্জেই ছোট পরিসরে হলেও বিজু উৎসব আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Advertisement

Link copied!