জামাল উদ্দিন, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তার দুলাভাইয়ের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর বড় বোনের স্বামী বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বনপাড়া এলাকার বাসিন্দা মো. ওসমান আলী বড়াইগ্রাম থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন যে, তার বড় মেয়ে ফারজানা আক্তারের সঙ্গে ২০১৭ সালে ইকবাল হোসাইনের বিয়ে হয়। সেই সুবাদে ইকবাল শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত করতেন।
এই সুযোগে তিনি ওসমান আলীর নাবালিকা ছোট মেয়ে, বনপাড়া সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ইলমা আক্তার (১৭) এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগে বলা হয়েছে, গত ১০ জানুয়ারি রাতে বাড়িতে অভিভাবক না থাকার সুযোগে ইকবাল হোসাইন জোরপূর্বক ওই নাবালিকাকে ধর্ষণ করেন।
পরবর্তীতে গত ৩ এপ্রিল মেয়েটি নিখোঁজ হলে পরিবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩১৫, তারিখ ৭ এপ্রিল) করে। পরে ১০ এপ্রিল পুলিশ মেয়েটিকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়।
পরিবারের দাবি, উদ্ধার হওয়ার পর মেয়েটি জানায় যে, অভিযুক্ত ইকবাল হোসাইন তাকে ধর্ষণ করেছে এবং সে বর্তমানে অন্তঃসত্ত্বা।
এদিকে একই দিন রাতে অভিযুক্ত ইকবাল হোসাইন ও তার ভাই মাহাবুব হোসেন ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের প্রতিহত করে। ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি সাক্ষী হিসেবে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইন ইনচার্জ মো. আব্দুস ছালাম বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করা হবে।"
আপনার মতামত লিখুন :