সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাম রোগে আক্রান্ত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পরও বাঁচানো গেল না। মৃত শিশুটির নাম মালিহা বিনতে মাহফুজা (১৭ মাস)। সে উপজেলার বাঙালা ইউনিয়নের ভয়নগর গ্রামের বাসিন্দা মুকুট ইসলামের মেয়ে।
রোববার সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে মালিহাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শ্যামলীর শিশু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তার শরীরে হাম রোগ শনাক্ত করেন এবং তাকে সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে শিশুটির মৃত্যু হয়।
নিহতের ফুপি ও উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি জানান, "আমার বড় ভাইয়ের মেয়ে মালিহা হাম রোগে আক্রান্ত হওয়ার পর যথাযথ চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।"
শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :