জয়নাল আবেদীন রিটন, ভৈরব: ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ১৭ এপ্রিল দিবাগত রাতে পৌর শহরের পঞ্চবটী বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া গার্লস স্কুল নদী বাংলা সংলগ্ন এলাকার মো. আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফ (২৪), একই এলাকার কবির মিয়ার ছেলে আরকান (১৯), কমলপুর আমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মো. আমিন মিয়া (২০), চন্ডিবের মধ্যপাড়া তিন রাস্তার মোড় এলাকার খোকন মিয়ার ছেলে জালাল মিয়া (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মৌজা উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল খালেক বাদশা মিয়া (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকার বালুর মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনার সত্যতা পেয়ে বালুর মাঠে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত ও শীর্ষ ছিনতাইকারী মো. আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফ, আরকান, মো. আমিন মিয়া, জালাল মিয়া ও বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাদের কাছ থেকে দা, ছুরিসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভৈরব একটি ছিনতাইপ্রবণ এলাকা। বিশেষ অভিযানে তিন মাস আগে প্রায় ২ শতাধিক ছিনতাইকারী গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘদিন ভৈরবের পরিবেশ শান্ত ছিল। হঠাৎ কয়েকজন ডাকাত ও ছিনতাইকারী জামিনে এসে কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় জড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে পঞ্চবটী বালুর মাঠে ডাকাতরা ডাকাতির জন্য একত্রিত হয়েছে। সত্যতা পেয়ে বিশেষ অভিযানে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফের নামে একাধিক ডাকাতি মামলা ও হত্যা মামলাসহ ২২টি মামলা এবং ৬টি ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও বাকি আসামিদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে। ভৈরবে বেড়ে যাওয়া চুরি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :