এসআই মাহফুজ, টাঙ্গাইল: টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসমত (হাসু) (২০) ও একই জেলার আশরাফ (৩০)। তারা মোট ১৯ জন শ্রমিক ওই এলাকায় সড়ক উন্নয়ন কাজে কর্মরত ছিলেন।
জানা যায়, যমুনা থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক মহাসড়কের ৫-৬ নম্বর ব্রিজের মাঝামাঝি (চর ভাবলা) এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে কর্মরত শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ।
যমুনা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিকরা একটি কোম্পানির অধীনে সড়ক সংস্কার কাজে নিয়োজিত ছিলেন। এ বিষয়ে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :