শরীফ ওমর টুটুল,গাজীপুর মহানগর: গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, লক্ষ্য এবং বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. সাবরিনা মোহনা এবং উদ্বোধন করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মো. আমান উল্লাহ।
এ সময় বক্তব্য দেন এমও ডিসি ডা. রুবানা আফসান, ডা. জাসেম ফারহান, এমও ডা. জামসেদ ফারহান, ডব্লিউএইচও’র ডা. মাহবুবা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল বারি বাবুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার ৯৩৬টি কমিউনিটি কেন্দ্র এবং ২৩৪টি বিদ্যালয়ভিত্তিক কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ৩০৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭৪ জন হাসপাতালে ভর্তি, ২১৯ জন সুস্থ এবং ৫৪ জনের শরীরে হাম পজেটিভ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তাই সকল অভিভাবককে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :