রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি ও পরিবেশের উন্নয়নে পৃথক দুটি খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই প্রকল্পের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া। এতে মোট ৩ কোটি ৩৪ লাখ টাকার বেশি ব্যয় করা হচ্ছে।
যশাই ইউনিয়নে ৯ কিলোমিটার দীর্ঘ ঢেঁকিপাড়া খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৯২৭ টাকা। অন্যদিকে, পাট্টা ইউনিয়নে ৫ কিলোমিটার দীর্ঘ আঁধারকোটা খাল খননে ব্যয় হবে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা।
উদ্বোধনকালে প্রধান অতিথি মো. আব্দুস সালাম মিয়া বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পাংশায় এই কাজ শুরু হলো। এই প্রকল্প শেষ হলে অন্তত ১৭টি গ্রামের মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম, যশাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই খনন কাজের মাধ্যমে স্থানীয় প্রায় সাত শতাধিক অদক্ষ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া খালের পাড়জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :