পীরগঞ্জে সেচ ঘরে পাহারাদারের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোঃ হানিফ মিয়া , পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৭:৫৪ পিএম

রংপুরের পীরগঞ্জে একটি সেচ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মফিজার রহমান নামে এক পাহারাদারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর মাঠ এলাকা থেকে এই চাঞ্চল্যকর মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিন মালিক আমজাদ আলীর ছেলে। তিনি রাতে ওই সেচ ঘরে থাকা বিএডিসি’র সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও মফিজার রহমান মাঠে সেচ ঘর পাহারায় যান। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গেলে সেচ ঘরের দরজা খোলা এবং ট্রান্সমিটারের যন্ত্রাংশ এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে প্রবেশ করতেই তিনি মফিজার রহমানের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

এলাকাবাসীর ধারণা, গভীর রাতে একদল দুষ্কৃতকারী সেচ ট্রান্সমিটার চুরি করতে আসে। এ সময় মফিজার রহমান বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে নির্মমভাবে হত্যা করে ট্রান্সমিটারের মূল্যবান অংশ নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া ও চরম আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে প্রাথমিক তদন্ত ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বড় উমরপুর এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

Advertisement

Link copied!