কালিকাপুর খেয়া ঘাটে একটি ব্রিজের আকুতি: দুর্ভোগে হাজারো মানুষ

মোঃ রায়হান আলী , মান্দা (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৯:২৫ পিএম

‎নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর এলাকার বসবাসরত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কালিকাপুর খেয়াঘাটে আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণে দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপুর খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও ছোটখাটো যানবাহন চলাচল করে। শুধু তাই নয় সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা পাথর ও পেঁয়াজবাহীসহ বিভিন্ন মালামালসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন চলাচল করে। কিন্তু ব্রিজ না থাকায় এসব যানবাহনকে ফেরিঘাট ব্যবহার করে চলাচল করতে হয়। এতে দীর্ঘ যানজট, অতিরিক্ত সময় ও জ্বালানি ব্যয়ের পাশাপাশি সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা প্রভাষক মুস্তাফিজুর রহমান ফিরোজ বলেন- কালিকাপুর খেয়াঘাটে ব্রিজ নির্মাণ হলে প্রায় ৩ কিলোমিটার পথ কমে যাবে এবং নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া সহ বিভিন্ন জেলার সাথে সরাসরি দ্রুত যোগাযোগ সম্ভব হবে। ব্যবসা-বাণিজ্য ও কৃষিজ পণ্য পরিবহনে সময় ও খরচ কমে যাবে।

‎বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামরুজ্জামান রিপু বলেন- কালিকাপুর খেয়াঘাট বাজারটি থানার সাথেই প্রায় সংযুক্ত এবং এটি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত। একসময় সেখানে বাসস্ট্যান্ডও ছিল। তবে পরিকল্পনার অভাবে বর্তমানে এলাকাটির সম্ভাবনা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এমপি মহোদয় এর কাছে সুবিনয় অনুরোধ এলাকার জনদুর্ভোগের কথা চিন্তা করে এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।

সাবেক ইউপি সদস্য মাজেদুর রহমান মিঠু বলেন- মান্দা উপজেলার ঐতিহ্যবাহী ও সর্বপ্রথম খেয়াঘাট এই কালিকাপুর বাজার। যেখানে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে, সেই গুরুত্বপূর্ণ স্থানে এখনো সেতু নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এখানে একটি নির্মাণ করে এলাকার জনগণের চলাচলের সুবিধা করে দিবেন।

‎কালিকাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আব্দুর রাকিব চৌধুরী বলেন- মান্দা উপজেলা সবচেয়ে পুরাতন বাসস্ট্যান্ড ছিল এই কালিকাপুর বাজারে, যেখান থেকে জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা ছিল এটি। গুরুত্বপূর্ণ কালিকাপুর খেয়াঘাটে একটি পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণ করা হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড নতুন গতি পাবে।

কালিকাপুর বাস স্ট্যান্ডের প্রবীণ বাসচালক মিরাজ উদ্দিন বলেন-এক সময় কালিকাপুর বাস স্ট্যান্ড থেকে নওগাঁয় সরাসরি বাস চলাচল করতো এবং নিয়ামতপুর,নাচোল ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ এই পথেই যাতায়াত করত। আমি কালিকাপুর খেয়াঘাটে জরুরি ভিত্তিতে একটি ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।

সচেতন মহল এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। বাস্তব প্রয়োজন বিবেচনা করে দ্রুত কালিকাপুর খেয়াঘাটে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া অতীব জরুরী।

কালিকাপুর খেয়াঘাট এলাকায় একটি পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণ করা হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি পুরো অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

 

Advertisement

Link copied!