ইপিজেড থানার বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ১০:০২ পিএম

 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) নগরীর ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহ পাড়া এলাকার আবুল খায়ের গলিস্থ সাগর ভিলার ৪র্থ তলার একটি টিনশেড কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে এসআই শাহাদাত হোসেন, এসআই মোহাম্মদ শাহীন মিয়া, এসআই মামুনুর রশিদ, এসআই সুমন দে, এসআই কামরুজ্জামান, এএসআই কাজল কান্তিসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ নিজাম প্রকাশ নেজাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, অভিযানে আসামির হেফাজত থেকে ২১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে কৌশলে লুকিয়ে রাখা আরও ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া ৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৭০ হাজার ৭২০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত নিজাম ওরফে নেজাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বন্দরটিলা এলাকায় নিয়মিত মাদক বিক্রি করে আসছিলেন।

 

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে সিএমপির বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

Link copied!