খাগড়াছড়ির পানছড়িতে ইমন হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স-মিলের সামনে কে বা কারা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
জানা গেছে, ইমন হোসেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর সক্রিয় সদস্য। ইউপিডিএফ-গণতান্ত্রিক এর পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা জানান, সকালে ইমন হোসেন সংগঠনের কাজে বের হলে তাকে ইউপিডিএফের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। তিনি এ ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়িতে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত যুবক কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :