উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার খুন,স্ত্রী আহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার সোবহান প্রামানিক (৭০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী শেফালী খাতুনও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোবহান প্রামানিককে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এসময় তার স্ত্রী শেফালী খাতুন বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক হায়দুল ইসলাম গ্রামের ইসমাইলের ছেলে।

স্বজনদের অভিযোগ,খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধের জেরে সংঘর্ষে ওই এলাকায় পিতা ও সন্তান নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই বিরোধের ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Link copied!