ঢাকার কেরানীগঞ্জে অসচ্ছল ও প্রান্তিক পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগের অংশ হিসেবে ভেড়া ও ভেড়ার খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) সকালে কেরানীগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন সুফলভোগীর মাঝে ৩টি করে মোট ১৫০টি ভেড়া এবং প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে ভেড়ার খাদ্য বিতরণ করা হয়।
“৭টি জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, “একটু উদ্যোগ ও সামান্য সহযোগিতাই একটি পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। প্রান্তিক মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিতে পারলে তারা নিজেরাই নিজেদের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হবে।”তিনি আরও বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে গ্রামের সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর গ্রামীণ উন্নয়ন ভাবনার প্রসঙ্গ তুলে ধরে আমান উল্লাহ আমান বলেন, “একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা; আর সচ্ছলতার পথ ধরেই দেশ অর্জন করবে স্বনির্ভরতা।আর সেই লক্ষ্যেই বর্তমান বিএনপির সরকার কাজ করছে।
ভেড়া ও খাদ্য পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দের দেখা যায়। উপকারভোগী রহিমা জানান, আজকে আমি সহায়তা পেয়ে খুবই আনন্দিত।এই সহায়তা আমার পরিবারের আর্থিক সংকট দূর করতে সহায়ক হবে এবং ভবিষ্যতে বাড়তি আয়ের একটি নতুন পথ তৈরি করবে। আমি আশা করি আজ যারা সহায়তা পেয়েছে এটিকে নিজেদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে তারা কাজে লাগাবে।
অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোহাম্মদ শামিমসহ স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :