গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিং এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে রেললাইনের পাশে আটকে পড়ায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।
এতে ঢাকাগামী রংপুর/কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন মাঝপথে থেমে যায় এবং ট্রেনযাত্রীদের পাশাপাশি সড়কপথের যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।বুধবার (১৩ মে) সকালে সোনাখালী রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশে কাদায় আটকে পড়ে। এতে রেলক্রসিং এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকল ট্রাকটি সরানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ট্রাকটি সরানো সম্ভব হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে আটকে থাকা ঢাকাগামী রংপুর/কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর রেলওয়ের উপসহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, “রেলক্রসিং এলাকায় ট্রাক আটকে পড়ার খবর পাওয়ার পর দুর্ঘটনা এড়াতে ট্রেনটি সাময়িকভাবে থামিয়ে রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু করা হয়েছে।
এদিকে রেলক্রসিং সংলগ্ন সড়কের খারাপ অবস্থা এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে কালিয়াকৈর-ধামরাই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেককে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোনাখালী রেলক্রসিং এলাকার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সড়ক সংস্কার ও স্থায়ীভাবে যানজট নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :