“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চল যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও শো, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত ৮টায় রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও চিত্র প্রদর্শন শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষ ও দরিদ্র জনগোষ্ঠী অতি সহজে এবং নামমাত্র খরচে ন্যায়বিচার পেতে পারেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি যেমন কমবে, তেমনি উচ্চ আদালতগুলোর ওপর মামলার চাপও হ্রাস পাবে।"
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করুন তৃতীয় পর্যায় প্রকল্পের কিশোরগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক হাফিজা আক্তার, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এলজিইডি এসআরএমজি কিবরিয়া, সহকারী প্রকৌশলী বিএডিসি সেচ শাওন মালাকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ মজনু মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ শাফি উদ্দিন, ইউপি প্রশাসনিক কর্মর্কতা মোঃ এমদাদুল ইসলাম, ইউপি সদস্যসহ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ হামিদুল ইসলাম।
অনুষ্ঠানে বড় পর্দায় ভিডিও ক্লিপসের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধা, বিচারিক এখতিয়ার, ক্ষমতা, মামলা করার প্রক্রিয়া এবং আদালত গঠনের নিয়মাবলী অত্যন্ত সহজভাবে তুলে ধরা হয়। প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের মাঝে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা গ্রাম আদালত সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছেন এবং এখন থেকে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে আদালতের বারান্দায় না ঘুরে গ্রাম আদালতের শরণাপন্ন হবেন।
এর আগের দিন সোমবার ১১ মে সন্ধ্যা ৭ টায় ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিয়া বাড়ী ফুটবল খেলার মাঠে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ( ইপসা) কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায় প্রকল্প)এর আয়োজনে গ্রাম আদালত বিষযক ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্টিত হয়েছিলো।
উক্ত অনুষ্ঠানে কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লিটন মিয়া, ইউপি সদস্য/সদস্যা, গ্রামপুলিশ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :