ফরিদপুরের সালথায় পাট উৎপাদনকারী চাষিদের নিয়ে ‘পাট উৎপাদন কলাকৌশল ও প্রযুক্তি’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে সালথা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব (আইন-১ অধিশাখা) এ. কে. এম. বজলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সুদর্শন শিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা, মো. শাহাদুজ্জামান, উপপরিচালক, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি), মো. ওমর আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা, ফরিদপুর বিজিআরআই আঞ্চলিক কেন্দ্র, তারেক মো. লুৎফুল আমীন, ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা।
প্রশিক্ষণে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে পাটের ব্যবহার বহুমুখী হয়ে উঠেছে। পাট এখন শুধু দড়ি বা বস্তা তৈরির উপকরণ নয়; বরং আধুনিক আসবাবপত্র, উন্নত মানের শাড়ি, স্যুট, ডেনিম এবং এমনকি গাড়ির বডি ও ঢেউটিন তৈরিতেও ব্যবহৃত হচ্ছে। বর্তমানে পাট থেকে প্রায় ২৮১ ধরনের পণ্য উৎপাদিত হচ্ছে।
বক্তারা আরও জানান, পাটের আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখছে। কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার বিনামূল্যে উন্নত জাতের পাটবীজ, সার, বালাইনাশক ও কৃষিযন্ত্র সরবরাহ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই চাষ পদ্ধতি অনুসরণ করলে কৃষকরা পাটের মান ও ফলন উভয়ই বৃদ্ধি করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, উপজেলার আটটি ইউনিয়ন থেকে মোট ৬০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চাষিদের মাঝে পাটজাত ব্যাগ ও যাতায়াত বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :