বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি হলো অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, মানবতার কল্যাণে কাজ করা, এমন মন্তব্য করেছেন গাজীপুর মহানগর জামায়েতে আমির মোঃ খায়রুল হাসান। গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নরুন গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খামারি মোঃ অহিদুল আলমের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে একটি দুধওয়ালা গাভী উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৩ মে) সকালে সংগঠনের পক্ষ থেকে গাভীটি ক্ষতিগ্রস্ত খামারির হাতে তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান।
জানা যায়, কয়েকদিন আগে কালিগঞ্জ উপজেলার নরুন গ্রামের খামারি মোঃ অহিদুল আলমের গোয়াল ঘরে ভয়াবহ আগুন লাগে। এতে তার চারটি গরু পুড়ে মারা যায় ও প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নিতে ছুটে যান জামায়াত নেতা মোঃ খায়রুল হাসান ও স্থানীয় নেতাকর্মীরা।
গাভী হস্তান্তর অনুষ্ঠানে খায়রুল হাসান বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই ইসলামী রাজনীতির মূল শিক্ষা। আমরা আজ মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে, ক্ষতিগ্রস্ত অহিদুল আলম ভাইয়ের হাতে একটি দুধওয়ালা গাভী তুলে দিতে পেরেছি। আমাদের সংগঠন অর্থ দিয়ে এই মহতি উদ্যোগে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক এই সংগঠনকে উত্তম প্রতিদান দান করুন।”
তিনি আরও বলেন, “এই গাভীর বরকতে আল্লাহ যেন ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতি পুষিয়ে দেন ও তাদের জীবিকায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা নায়েবে আমির আব্দুল হাকিম, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ আফতাব উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, সাবেক আমীর হাফেজ আব্দুস সালাম সেলিমসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
আপনার মতামত লিখুন :