টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০২:০৩ পিএম

গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের আগে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি আর সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে ঘটনাস্থলের পরিবেশ।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা অভিমুখী দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেন ধীরাশ্রম রেললাইনের কাছে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন মো. নাঈম (১৬)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার নোমান উদ্দিনের ছেলে। ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী হিসেবে পড়াশোনা করতেন।

অপর নিহত কিশোর নাঈমের বন্ধু বলে স্থানীয়দের ধারণা। তবে ট্রেনের ধাক্কায় তার শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন কিশোর রেললাইনের পাশে দাঁড়িয়ে টিকটক ভিডিও ধারণ করছিল। এ সময় দ্রুতগতির তিস্তা এক্সপ্রেস ট্রেন চলে এলে তারা সরে যাওয়ার সুযোগ পায়নি। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত নাঈমের পরিবারের সদস্যরা জানান, রাত ৮টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হয় সে। পরে স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা নাঈমের মরদেহ শনাক্ত করেন।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “রেললাইনে অসতর্কভাবে অবস্থান করায় এই দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।”

এদিকে কিশোরদের এমন ঝুঁকিপূর্ণ ভিডিও সংস্কৃতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবক মহলে। সচেতন মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা তরুণদের জীবনকে ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে রেললাইন, মহাসড়ক ও বিপজ্জনক স্থানে ভিডিও ধারণের প্রবণতা রোধে কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জরুরি হয়ে পড়েছে।

Advertisement

Link copied!