গাজীপুরে ৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০২:০০ পিএম

গাজীপুরে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বড় সাফল্য পেয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানার বেগমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে আলমগীর (৩৮)কে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেগমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি সিএনজিকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে আলমগীরের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত এসব ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গাজীপুরে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান আরও জোরদার করা হবে।”

এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হিল বাকী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পক্ষ থেকে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গাজীপুরকে মাদকমুক্ত করতে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement

Link copied!