গাজীপুর-৫ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির পরীক্ষিত নেতা একে এম ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে গাজীপুরজুড়ে জোরালো দাবি উঠেছে। এ দাবির অংশ হিসেবে শুক্রবার (১৫ মে) বাদ মাগরিব গাজীপুর মহানগরের পূবাইল মেট্রো থানার ৪০ নম্বর ওয়ার্ডে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এলাকায় রাজনৈতিক আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। দোয়া মাহফিলের আয়োজন করেন পূবাইল মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, দীর্ঘ প্রায় ৫ দশকের রাজনৈতিক জীবনে তৃণমূল থেকে উঠে আসা ফজলুল হক মিলন দল ও জনগণের জন্য অসামান্য অবদান রেখেছেন।রাজপথের আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও রাজনৈতিক দুঃসময়ে তার ভূমিকা বিএনপির নেতাকর্মীদের কাছে আজও অনুপ্রেরণা জোগাচ্ছে ।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে নজরুল ইসলাম খান বিকি বলেন, “গাজীপুরবাসীর প্রাণের দাবি,একে এম ফজলুল হক মিলনকে দ্রুত পূর্ণ মন্ত্রী করা হোক। তিনি শুধু একজন জনপ্রিয় সংসদ সদস্য নন, একজন পরীক্ষিত ও ত্যাগী রাজনৈতিক নেতা।”
নজরুল ইসলাম খান বিকি বলেন,গাজীপুর-৫ আসনে টানা তিনবার নির্বাচিত হওয়া, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে ফজলুল হক মিলন বর্তমানে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচিত। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তার গভীর সম্পর্ক ও জনপ্রিয়তার কারণে গাজীপুরবাসীর মধ্যে তাকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা দিন দিন বাড়ছে।
তিনি আরও বলেন, বর্তমান সচেতন নাগরিকেরা মন্তব্য করেন, আওয়ামী লীগ সরকারের সময় গাজীপুর থেকে একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী থাকলেও বিএনপির আমলে এখনো গাজীপুরের এমন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য একজন নেতাকে পূর্ণ মন্ত্রী না করা অনেকের কাছে বঞ্চনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
এদিকে,গাজীপুরের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই মিলনের মন্ত্রিত্ব দাবিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, খুব শিগগিরই দলের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। গাজীপুরবাসীর প্রত্যাশা,দলের এই পরীক্ষিত ও জননন্দিত নেতাকে দ্রুত পূর্ণ মন্ত্রী করা হলে তা শুধু ব্যক্তি মিলনের স্বীকৃতি হবে না, বরং পূবাইলসহ পুরো গাজীপুর জেলার জন্যই হবে মর্যাদা ও গৌরবের বিষয়।
দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাবেক কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা জামিলুর রহমান। তিনি দেশ, জাতি ও প্রধান মন্ত্রী তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি ফজলুল হক মিলনের রাজনৈতিক সফলতা ও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির পূবাইল থানার সহ-সভাপতি কামাল হোসেন, পূবাইল থানা বিএনপির প্রভাবশালী নেতা রাশেদুল আলম মোল্লা, যুবদল নেতা ওসমান খান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইকবাল কাজী মানিক মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী।
আপনার মতামত লিখুন :