কুলিয়ারচরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মোঃ নাঈমুজ্জামান নাঈম , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ০৮:৩০ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কৃষি জমিতে খড় শুকানোর কাজ করার সময় বজ্রপাতে জাকির (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব ভাগলপুর এলাকার পীরপুর বন্দে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত জাকির পূর্ব ভাগলপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি রামদী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কৃষি জমিতে খড় শুকানোর কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন জাকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তিনি মারা যান।

স্থানীয়রা জানান, জাকির তার প্রায় ১১০ বছর বয়সী দাদার নিয়মিত সেবা-যত্ন করতেন। দাদার আগেই নাতির পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহ আলম জানান, বজ্রপাতে জাকির নামে ওই যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় কুলিয়ারচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম ঘটনাস্থল ও নিহতের পরিবারের খোঁজখবর নেন।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সরকারি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।”

 

Link copied!