ফুলপুর পুলিশের হাতে দুই চোর আটক, চোরাই মালামাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০১:০৯ এএম

মোঃ আব্দুল মান্নান, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর পুলিশের হাতে চোর চক্রের দুই সদস্য  আটক হয়েছে। একটি চুরি মামলার অভিযোগে শুক্রবার (১৫ মে) সকালে ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেনের দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন এসআই জিকরুল।

গোপন সংবাদের ভিত্তিতে ও সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ফুলপুর সরকারি কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের সনাক্ত ও আটক করা হয়। আটক আসামিরা হলেন- শিমুল ওরফে সুমন মিয়া (৩০) ও আক্রাম হোসেন ওরফে বাবু (৩০)। সুমন শেরপুর জেলার সদর থানার খরমপুর গ্রামের মৃত বাদশা মিয়া ও মোস্তয়ারা বেগমের পুত্র আর বাবু একই থানার নোয়াপাড়া গ্রামের মৃত সেলিম ও আবেদা খাতুনের পুত্র। 

আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে আসামি সুমনের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি হতে চুরি যাওয়া মালামালের মধ্যে ১টি স্বর্ণের আংটি, ২টি মোবাইল ফোন, ১টি রুপার চেইন, ১ জোড়া রুপার নুপুর, নগদ ৪৯,০০০ টাকা ও চুরি কাজে ব্যবহৃত ১টি স্লাইরেঞ্জ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও মাদক সংক্রান্ত প্রায় ৩০ থেকে ৩৫টি মামলা রয়েছে। শনিবার তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

Link copied!