গাজীপুরে জামায়াতের প্রার্থী ঘোষণায় সরগরম মাঠ

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১২:২২ এএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একযোগে প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে দলটি।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় গাজীপুর জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ড. মোঃ জাহাঙ্গীর আলম। 

জেলা সেক্রেটারি মোঃ শফিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, জেলার ৫ উপজেলার মধ্যে চারটিতে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে জামায়াত। গাজীপুর সদর উপজেলা থেকে মোহাম্মদুল্লাহ, শ্রীপুরে অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, কাপাসিয়ায় মাওলানা সেফাউল হক ও কালীগঞ্জে এডভোকেট তাজুল ইসলামকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদেও বিভিন্ন উপজেলায় প্রার্থী ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে ২৬টিতে চেয়ারম্যান প্রার্থীর নাম প্রকাশ করে দলটি তৃণমূল পর্যায়ে নিজেদের শক্ত অবস্থানের বার্তা দিয়েছে।

কালিয়াকৈর, গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইনজীবী, শিক্ষক, আলেম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রার্থী করা হয়েছে। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগাম প্রস্তুতির মাধ্যমে সাংগঠনিক সক্ষমতার জানান দিচ্ছে জামায়াত। অনুষ্ঠানে নেতারা বলেন, “সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী।” তারা আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা পূরণে দলীয় প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Advertisement

Link copied!