গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের সাতকুড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসী শ্রমিক রাকিবুল হাসান রিপন (৩৫)।
গত শনিবার স্থানীয় সময় নির্মাণকাজের সময় একটি দেয়াল ধসে পড়লে চাপা পড়ে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।নিহত রিপন সাতকুড়া এলাকার শামসুল আলমের একমাত্র ছেলে। জীবিকার তাগিদে তিনি ২০১৫ সালে সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় এক দশক প্রবাসজীবন শেষে পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত তাকে ফিরতে হচ্ছে কফিনবন্দি হয়ে।
রিপনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের মাতম শুরু হয়। তার বাড়িতে গিয়ে দেখা যায়, মা বিলকিস বেগম, বাবা শামসুল আলম, স্ত্রী সুবর্ণা আক্তার ও তিন বছর বয়সী কন্যা নুসরাতকে ঘিরে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
পরিবারের সদস্যরা জানান, রিপন নিয়মিত পরিবারের খোঁজখবর নিতেন। দেশে ফিরে মেয়েকে স্কুলে ভর্তি করানোর পরিকল্পনাও করেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই নির্মম দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত রিপনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,“প্রবাসী রিপনের মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :