“মিস ইউ অল, ক্ষমা করে দিও মা" চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন সুনীল

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০৬:২৫ পিএম

গাজীপুর মহানগরীর পূবাইলে দুপুরের ব্যস্ত সময়ে হঠাৎ করেই থমকে যায় জনজীবন। রেললাইনের পাশে পড়ে থাকা ছোট্ট একটি চিরকুট আর কয়েক সেকেন্ডের ভয়াবহ দৃশ্য কাঁপিয়ে দেয় পুরো এলাকা। চিরকুটে কাঁপা হাতে লেখা ছিল-“মিস ইউ অল, ক্ষমা করে দিও মা। এই কয়েকটি শব্দ লিখেই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন সুনীল রবি দাস নামে এক যুবক। মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় তার শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ডের পূবাইল মাঝুখান এলাকায় ঘটে হৃদয়বিদারক এ ঘটনা। নিহত সুনীল রবি দাস ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ পিয়ন পদে কর্মরত ছিলেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্র সূত্রে জানা গেছে, তার বাড়ি ঢাকার হাজারীবাগ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য পথচারীদের মতো তিনিও রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। দূর থেকে ট্রেন আসতে দেখে সবাই লাইন থেকে সরে দাঁড়ালেও সুনীল প্রথমে নিচে নেমে যান। এতে আশপাশের মানুষ ধারণা করেছিলেন, তিনিও নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছেন। কিন্তু ট্রেনটি একেবারে কাছে পৌঁছে গেলে আচমকাই হাতে থাকা একটি চিরকুট লাইনের পাশে ছুঁড়ে ফেলে দ্রুত ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।

চোখের সামনে এমন বিভীষিকাময় দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয়রা। অনেকেই ছুটে এসে রেললাইনের পাশে পড়ে থাকা চিরকুটটি হাতে নেন। সেখানে লেখা শেষ বিদায়ের কথাগুলো পড়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত মানুষজন।

স্থানীয়দের ভাষ্য, যুবকটি হয়তো দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা ব্যক্তিগত সংকটে ভুগছিলেন। তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক পথ বেছে নিলেন, তা এখনো স্পষ্ট নয়।

খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল তৈরি করে। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবগত করা হয়।পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে জিআরপি পুলিশ কাজ করছে।

এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেললাইনের পাশে পড়ে থাকা কয়েকটি শব্দ এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মুখে মুখে—“মিস ইউ অল, ক্ষমা করে দিও মা"

Advertisement

Link copied!