চুনারুঘাটে যানজট নিরসনে বাইপাস সড়ক প্রশস্তকরণ: পরিদর্শনে ইউএনও

নোমান মিয়া , চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৬, ০৭:৪৭ পিএম

চুনারুঘাট উপজেলার দীর্ঘদিনের যানজট ও জনদূর্ভোগ কমাতে প্রস্তাবিত বাল্লারোড হতে তেলিফিরি বাইপাস সড়ক উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কটির প্রস্থ ১১ ফুট থেকে বৃদ্ধি করে ২২ ফুট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে প্রস্তাবিত বাইপাস সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব গালিব চৌধুরী। এ সময় তিনি সড়ক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সম্ভাব্য প্রতিবন্ধকতা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী জনাব টিটন দাশ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও গালিব চৌধুরী বলেন, “চুনারুঘাট পৌর এলাকার যানজট নিরসন ও জনসাধারণের চলাচল সহজ করতে এই বাইপাস সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুত কাজ সম্পন্ন করে জনগণের সুবিধা নিশ্চিত করা হবে।”

পরিদর্শনকালে ইউএনও’র সঙ্গে ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু। তিনি বলেন, এই সড়কটি বাস্তবায়ন হলে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর চাপ কমবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় যানজট ও যোগাযোগ সমস্যার কারণে মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছিল। সড়ক প্রশস্তকরণ কাজ সম্পন্ন হলে চুনারুঘাটের সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

Link copied!