আত্রাইয়ে শীর্ষ মাদক কারবারি কাউসার গ্রেফতার

শাহাদুল ইসলাম বাবু , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৬, ০৮:২০ পিএম

নওগাঁর আত্রাইয়ে রেলযোগে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে আসার পথে ৩৫০ পিস মাদক-নেশাজাতীয় ইনজেকশনসহ (অ্যাম্পুল) অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ডিলার কাউসারকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

আজ ২০ মে (বুধবার) দুপুরে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের গান্ধী চত্বর (গান্ধী মোড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাউসার আত্রাই উপজেলার ভর-তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে এক মাদক ব্যবসায়ী ট্রেনে করে মাদকের একটি বড় চালান নিয়ে আত্রাই আসছেন। এই সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে আত্রাই রেলওয়ে স্টেশনের উত্তর পাশে গান্ধী চত্বর এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ।

তিনি আরও জানান, ট্রেন থেকে নেমে হেঁটে যাওয়ার সময় কাউসারের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউসার স্বীকার করেছে, সে নিজেই সীমান্ত এলাকা হিলি থেকে এই মাদকের চালান নিয়ে এসেছিল এবং এলাকায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল।

ওসি আব্দুল করিম আরও জানান, গ্রেফতারকৃত কাউসার এলাকার চিহ্নিত বড় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় আগে থেকেই আরও ৮টি মাদকের মামলা রয়েছে। এ ছাড়া সে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও একাধিকবার দণ্ডিত হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের জাল বিস্তার করে রাখা এই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার হওয়ায় আত্রাই এলাকার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি প্রকাশ পেয়েছে।

এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে আত্রাই থানা এলাকাসহ সর্বত্র মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। তিনি এই চলমান মাদকবিরোধী অভিযান সফল করতে এবং অপরাধীদের চিহ্নিত করতে আত্রাই এলাকার সর্বস্তরের জনগণকে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।

 

 

Link copied!