দুর্যোগ ব্যবস্থাপনাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক কাঠামোয় এগিয়ে নিতে গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) দুপুরে টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদ হাবিব দুলু এমপি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে আরও সক্ষম ও প্রস্তুত করতে গবেষণা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি দুর্যোগ মোকাবেলায় আধুনিক গবেষণা, প্রযুক্তিনির্ভর প্রস্তুতি এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের বিশেষায়িত ইনস্টিটিউট দেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও সময়োপযোগী করে তুলবে।
অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী প্রকল্প সম্পর্কিত বিভিন্ন উপস্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টঙ্গীর সাতাইশ মৌজার দীর্ঘদিন বেদখলে থাকা সরকারি জমি উদ্ধার করে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্যোগ ব্যবস্থাপনায় গবেষণা, প্রশিক্ষণ এবং দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ নতুন এক ধাপে এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :