বকেয়া বেতন, রেশন, পূজা উৎসব বোনাসসহ ৭ দফা দাবিতে হবিগঞ্জের চারটি চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। সোমবার (২৫ মে) সকাল থেকে চুনারুঘাট উপজেলার দেউন্দি, লালচান ও মৃতিঙ্গা এবং মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।
শ্রমিকদের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে নিয়মিত সাপ্তাহিক তলবি (বেতন) পরিশোধ করা হচ্ছে না। এতে চারটি বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। বেতন, ঈদ বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
শ্রমিক সূত্রে জানা যায়, গত ৬ মে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও শ্রম অধিদপ্তরের সমন্বয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের বকেয়া পরিশোধ, নিয়মিত সাপ্তাহিক তলবি প্রদান, রেশন ব্যবস্থা নিশ্চিত করা, প্রভিডেন্ট ফান্ড পরিশোধ, শ্রম আইন অনুযায়ী চিকিৎসাসেবা এবং বর্ষার আগে জরাজীর্ণ শ্রমিক বাসা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনে নামেন শ্রমিকরা।
সোমবার সকাল থেকে শ্রমিকরা বাগান ও কারখানার কাজে যোগ না দিয়ে বাগানের নাট্যমন্দির এলাকায় অবস্থান নেন এবং দাবি আদায়ে বিক্ষোভ করেন।
দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন, “দেউন্দি কোম্পানির অধীনে থাকা চারটি বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার। ২০২২ সাল থেকে মালিকপক্ষ শুধুই আশ্বাস দিয়ে আসছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি শ্রীমঙ্গলের বৈঠকের সিদ্ধান্তও বাস্তবায়ন করা হয়নি। তাই বাধ্য হয়ে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির পথে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
আপনার মতামত লিখুন :