কালিয়াকৈরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত, সব ধর্মের অধিকার নিশ্চিত করবে বিএনপি: মজিবুর রহমান

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ০৭:৪৪ পিএম

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেছেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। দেশের সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে অধিকার নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর। ধর্মকে কেন্দ্র করে কোনো বিভেদ সৃষ্টি না করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (০৫ জুন) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু অখিলেশ মজুমদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবু অরুণ প্রসাদ মজুমদার, বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ মজিবর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, শ্রীকৃষ্ণ মানবকল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা ও বিশ্বশান্তির বার্তা নিয়ে যুগে যুগে মানুষের মাঝে অনুপ্রেরণা জুগিয়েছেন। ধর্ম প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের মাধ্যমে শান্তি, শৃঙ্খলা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দিয়েছেন তিনি। বর্তমান সময়ে বিশ্বজুড়ে সংঘাত, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, গাজীপুর-১ আসনের বিভিন্ন মন্দির ও শ্মশানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি দেশের সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা, সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার রক্ষায় বিএনপি সবসময় সচেষ্ট থাকবে।

বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তবৃন্দের জন্য বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

 

Advertisement

Link copied!