ফুলগাজীতে ৪১ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি গ্রেপ্তার

জসিম উদ্দিন , ফুলগাজী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০৪:১৯ পিএম

ফেনীর ফুলগাজী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪১ পিস ইয়াবাসহ ২৪টি মাদক মামলার আসামি হিসেবে পরিচিত মো. ইব্রাহিম (৫০) ও তার সহযোগী ইমরান হোসেন (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পুরাতন মুন্সিরহাট-ফতেপুর সড়কের মাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক কেনাবেচার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মো. মোস্তফার ছেলে। অপরদিকে ইমরান হোসেন আমজাদহাট এলাকার উত্তর ধর্মপুর গ্রামের সেরাজুল হকের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে ইব্রাহিমের বিরুদ্ধে ফুলগাজী থানায় ২৪টি মাদক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বর্তমানে বিচারাধীন এবং কয়েকটিতে তিনি সাজাও ভোগ করেছেন। এছাড়া ইমরানের বিরুদ্ধে দুটি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Link copied!