প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে বিয়ে না হওয়ায় নারীর আত্মহত্যা, প্রেমিক আটক

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০৪:৫৭ পিএম

ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে বিয়ে না হওয়ায় লক্ষীরানী (২৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিক স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত লক্ষীরানী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বীরেন্দ্র মন্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারী কান্দিকুল গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে সোমবার রাত ৮টার দিকে লক্ষীরানী প্রেমিক স্বপনের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে আসেন। পরে দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে স্বপন কৌশলে তাকে রেখে অন্যত্র চলে যান। একপর্যায়ে লক্ষীরানী নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ধামরাই থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমিক স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!