গাজীপুরের কালিয়াকৈরে মাধ্যমিক পর্যায়ে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ এবং যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক শিখা প্রকল্পের উদ্যোগে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১০ জুন) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন। ব্র্যাক শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, জেলা ব্র্যাক সমন্বয়ক আবু জাফরসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও অংশীজনরা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিখা প্রকল্পের প্রজেক্ট অফিসার তাজুল ইসলাম। তিনি শিশু সুরক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন। সভায় শিশু অধিকার সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :