কালিয়াকৈরে অসহায় মানুষের মাঝে সরকারের ত্রাণের চাল বিতরণ শুরু

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ০৮:২৫ পিএম

গাজীপুর-১ আসনের দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত খাদ্যশস্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে কালিয়াকৈর পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন, কালিয়াকৈর পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের কল্যাণে কাজ করছে। দুর্যোগ কিংবা যেকোনো সংকটময় পরিস্থিতিতে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। 

তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে ত্রাণ পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরও বলেন, ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপকারভোগীদের তালিকা যাচাইয়ের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে এবং কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

প্রশাসন জানায়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যাচাইকৃত তালিকার ভিত্তিতে কার্ডধারী পরিবারের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমে প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের মতে, নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Advertisement

Link copied!