পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় গাজীপুরে বিডি ক্লীনের বর্ণাঢ্য ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৫:৪০ পিএম

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে”—এই প্রত্যয়কে ধারণ করে গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিডি ক্লীনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।

মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিডি ক্লীনের মোট ২৫টি টিম পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। প্রতিটি টিমে ১০ জন করে মোট ২৫০ জন স্বেচ্ছাসেবী (ক্লীনার্স) টানা তিন ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। তারা সড়কের দুপাশ, জনাকীর্ণ এলাকা ও উন্মুক্ত স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে আরও অর্থবহ করতে গাজীপুর মহানগরের বোর্ড বাজারে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কার্যক্রম। সেখানে স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কিত ১০টি গুরুত্বপূর্ণ বার্তা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ান। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গাজীপুর বিডি ক্লীনের সমন্বয়ক রেদাউন হাসান বলেন, “আজ আমাদের সংগঠনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আমরা দেশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা বিষয়ে ১০টি বিশেষ বার্তা নিয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য শুধু ময়লা পরিষ্কার করা নয়, বরং মানুষের মানসিকতার পরিবর্তন ঘটানো। সবাই যেন যত্রতত্র ময়লা না ফেলে এবং ডাস্টবিন ব্যবহারে অভ্যস্ত হয়, সেই সচেতনতা গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।”

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের সিনিয়র সদস্য আবু হাসান সাগর। তিনি বক্তব্যে শিশু রামিসা হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।

অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ নাগরিকরা তরুণ স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গঠনে এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিডি ক্লীনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি পরিচ্ছন্নতা আন্দোলনের পাশাপাশি নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Advertisement

Link copied!