গাজীপুর মহানগরীর ঐতিহ্যবাহী পূবাইল বাজার পশুর হাটের শুভ উদ্বোধন হয়েছে আজ বৃহস্পতিবার বিকালে,শনিবার থেকে জমবে কেনাবেচা। এমনটিই জানিয়েছেন ইজারাদার আফজাল হোসেন ও পূবাইল বাজার বেপারি পাড়া যুবসমাজ।
জানা যায়,আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বহু প্রতীক্ষিত এই পশুর হাটকে ঘিরে ইতোমধ্যে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আনুষ্ঠানিকভাবে আগামী শনিবার ২৩ মে সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে গরু-ছাগলসহ কোরবানির পশু কেনাবেচা শুরু হবে।
স্থানীয় ব্যবসায়ী, বেপারি ও এলাকাবাসীর মতে, পূবাইল বাজার পশুর হাট শুধু একটি হাট নয়,এটি এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য ও মানুষের আস্থার প্রতীক। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নত জাতের গরু, মহিষ ও ছাগল নিয়ে আসবেন খামারি ও বেপারীরা। ইতোমধ্যে হাটের অবকাঠামো, নিরাপত্তা, বিদ্যুৎ, পানি ও ক্রেতাদের সুবিধার্থে নানা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
হাটের ইজারাদার আফজাল হোসেন বলেন, “ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নিরাপদ ও সুন্দর পরিবেশে যেন সবাই স্বাচ্ছন্দ্যে পশু কেনাবেচা করতে পারেন, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বেপারি যুবসমাজের নেতৃবৃন্দ বলেন, পূবাইল বাজার পশুর হাটে প্রতিবছর লাখো টাকার পশু কেনাবেচা হয়। এ হাটকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতেও ব্যাপক গতি আসে। তারা আশা প্রকাশ করেন, এবারও বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতার সমাগমে হাট মুখরিত হয়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি ও পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের সভাপতি মো. আখতার হোসেন, হাটের ইজারাদার আফজাল হোসেন, আবদুল আজিজ,পূবাইল বাজার বেপারি যুবসমাজের মাসুদ রানা, জাকির হোসেন, নজরুল ইসলাম, মামুন মিয়া, আল আমিন,আরিফ আহমেদ,সুজন পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে আগামী শনিবার সকাল থেকে আনুষ্ঠানিক কেনাবেচা শুরু হওয়ার ঘোষণাকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। আয়োজকরা দেশ-বিদেশের সব কোরবানিদাতাকে পূবাইল বাজার পশুর হাটে এসে পছন্দের পশু কেনার আমন্ত্রণ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :