শ্রীপুর উপজেলা ব্র্যাকের ‘শিখা’প্রকল্প পর্যায়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

রুহুল আমিন সুজন , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৮:৩২ পিএম

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাকের সোশ্যাল কমপ্লায়েন্স কর্মসূচির আওতায় পরিচালিত'শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা (২১ মে) বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এ সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, কার্যকর প্রতিকার ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো:সাইফুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ,যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল,বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা ও তথ্য উপস্থাপন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাহিদ ভূঞা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:বাহাউদ্দিন , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলম,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার  মো: সোহেল মিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার সহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,মিডিয়া ব্যক্তি  ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে নিরাপদ,সহিংসতামুক্ত ও শিশু-বান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।সভা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সমাজসেবা কর্মকর্তারা যৌন হয়রানি এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সকল সেক্টরের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ব্র্যাকের ‘শিখা’প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হাবিবুর রহমানের তত্ত্বাবধানে সভাটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার জনাব তাজুল ইসলাম।

সভায় উপস্থিত সকলে ব্র্যাকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ‘শিখা’ প্রকল্পের ধারাবাহিক সফলতা কামনা করেন।

  

Advertisement

Link copied!