টঙ্গী ভূমি অফিসে সেবার নতুন গতি, ২৮ দিনেই নামজারি নিষ্পত্তি

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৯:২২ পিএম

গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেল (ভূমি) অফিসে বদলে গেছে ভূমি সেবার চিত্র। দীর্ঘসূত্রতা, দালালচক্র ও হয়রানির অভিযোগ পেছনে ফেলে এখন দ্রুত, স্বচ্ছ ও সময়সীমার মধ্যেই নামজারি, জমাভাগ, সীমানা নির্ধারণ ও বিভিন্ন ভূমি সংক্রান্ত মামলার নিষ্পত্তি পাচ্ছেন সাধারণ মানুষ। এতে স্বস্তি ফিরেছে সেবাগ্রহীতাদের মাঝে।

 টঙ্গী রাজস্ব সার্কেলের বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক ২০২৫ সালের ২৫ আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকেই ভূমি সেবায় গতি আনতে একের পর এক কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগে যেখানে নামজারি ও জমাভাগ নিষ্পত্তিতে গড়ে ৯০ দিন পর্যন্ত সময় লাগতো, বর্তমানে তা কমিয়ে ২৮ থেকে ৩০ কার্যদিবসের মধ্যেই সম্পন্ন করা হচ্ছে।

 গত চার মাসে টঙ্গী রাজস্ব সার্কেলে ১০০টির বেশি বিবিধ মামলা (মিসকেস) নিষ্পত্তি, ২৫টি সীমানা নির্ধারণ মামলা সমাধান, ৪ হাজার ৫শ’র বেশি নামজারি ও জমাভাগ আবেদন মঞ্জুর এবং ৪ একরের বেশি সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভূমি অফিস সূত্র।

 ভূমি অফিসে গিয়ে দেখা যায়, জনসাধারণের সুবিধার্থে নির্দিষ্ট দিনভিত্তিক শুনানির সময়সূচি বোর্ডে টানানো রয়েছে। প্রতি রবিবার সাধারণ সাক্ষাৎকার, সোম থেকে বুধবার মিসকেস ও নামজারি আপত্তি শুনানি এবং বৃহস্পতিবার সীমানা নির্ধারণ শুনানি গ্রহণ করা হয়। এতে দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তি হচ্ছে।

 শুনানিতে অংশ নেওয়া একাধিক সেবাগ্রহীতা জানান, বর্তমানে ভূমি মন্ত্রণালয় থেকে মোবাইলে খুদে বার্তার মাধ্যমে শুনানির তারিখ জানিয়ে দেওয়া হচ্ছে। নির্ধারিত দিনে অফিসে এসে তারা আন্তরিক পরিবেশে দ্রুত সেবা পাচ্ছেন। গাছা এলাকার বাসিন্দা রোকেয়া বেগম বলেন, “নিজের জমির নামজারির জন্য অনলাইনে আবেদন করার মাত্র ২৮ দিনের মধ্যেই কোনো হয়রানি ছাড়াই নামজারি অনুমোদন পেয়েছি।”

 

টঙ্গী পৌর ভূমি অফিস, কাশিমপুর ভূমি অফিস ও গাছা ভূমি অফিসসহ টঙ্গী রাজস্ব সার্কেলের আওতাধীন সব এলাকায় ভূমি সেবা সহজীকরণে কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement

Link copied!