গাজীপুরে রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান পাবলিক স্কুল

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০১:২৫ পিএম

রাজধানী পল্লবীতে ৮ বছরে শিশু শিক্ষার্থী  রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান  পাবলিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

বুধবার সকালে ১১টায় বিদ্যালয় সংলগ্ন মৃধা বাড়ি সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেয়। “রামিসা হত্যার বিচার চাই”, “শিশু রামিসা হত্যারকারীর ফাঁসি চাই”, “WE WANT JUSTICE” ইত্যাদি স্লোগানে মানববন্ধনস্থল মুখর হয়ে ওঠে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম নাঈম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড সোসাইটি (বিকেএ)-এর সভাপতি শফিকুল ইসলাম খান সবুজ, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবু হাসান সাগর, শিক্ষক ইব্রাহিম শেখসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তারা আরও বলেন, দেশে একের পর এক শিশু নির্যাতন ও হত্যার ঘটনা সমাজে আতঙ্ক সৃষ্টি করছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা রামিসা হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

 

Advertisement

Link copied!