কালিয়াকৈরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৭:৪৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কেজি স্কুল এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা,ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাড়াজোড়া খ্রিস্টান মিশনারি অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি নুর মোহাম্মদ মামুন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। বর্তমান প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির চর্চা জরুরি।

”তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ভবিষ্যতে তাদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর বি আর ডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন কালিয়াকৈর শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আজাদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম এবং পরীক্ষা নিয়ন্ত্রক রহিজুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত ও মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

 

Advertisement

Link copied!